তাঁতপণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি - বস্ত্র ও পাট মন্ত্রী

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন   |   জাতীয়

তাঁতপণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি - বস্ত্র ও পাট মন্ত্রী

ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ):

বাংলাদেশ তাঁতবোর্ডের উদ্যোগে ও বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় আজ রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনব্যাপী (৮-১৭মার্চ) তাঁতশিল্প মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

উদ্বোধনের পর তিনি বলেন, তাঁত মেলার প্রতিটা পণ্যে বেশ সম্ভাবনা আছে। এজন্য উন্নত মার্কেটিং, বিপণন খুব জরুরি। সামনে সংশ্লিষ্টদের নিয়ে কীভাবে উৎপাদন খরচ কমানো যায়, উপকরণগুলো সহজলভ্য করা যায় তা নিয়ে কাজ করা হবে। বস্ত্রখাতের হারানো ঐতিহ্য ফেরাতে কাজ করা হবে। 

মন্ত্রী বলেন, বাংলাদেশের তাঁত শিল্পের ইতিহাস বেশ পুরনো। ঐতিহ্যপূর্ণ তাঁত শিল্পের সাথে প্রায় ১৫ লক্ষ লোক জড়ানো। গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে তাঁত শিল্পের অবস্থান দ্বিতীয় আর বৈদেশিক রপ্তানির ক্ষেত্রে তাঁত খাতের অবদান প্রায় ২.৬%। তিনি বলেন, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে কুটিরশিল্প ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, তাঁতশিল্পের বিকাশে বাংলাদেশ তাঁতবোর্ড ভূমিকা রাখছে। তাঁতখাতে উৎপাদিত বস্ত্র এ দেশের বস্ত্র চাহিদার প্রায় ৪৫ ভাগ পূরণ করে থাকে। এ শিল্পের সমৃদ্ধির লক্ষ্যে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ই-কমার্স প্ল্যাটফর্ম সংযুক্ত করা লাগবে।   

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ তাঁতবোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকীর পক্ষে তাঁতবোর্ডের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী অনুষ্ঠান শেষে মেলার স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন।