কর্মস্থলে অনুপস্থিতি: বরিশাল জেনারেল হাসপাতালের ২ চিকিৎসককে কৈফিয়ত তলব
ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ):
জেনারেল হাসপাতাল, বরিশালের সহকারি অধ্যাপক (ইনসিটু) ডা. সালাহ- আল-দীন-বিন নাসির এবং জুনিয়র কনসালটেন্ট (অর্থোসার্জারি) ডা. মোঃ মাহমুদুল্লাহকে সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার জন্য কৈফিয়ত তলব করা হয়েছে।
আজ বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কৈফিয়ত তলব করা হয়। দৈনিক কালবেলা অনলাইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৫ মার্চ তারা অফিস টাইমে ডিউটিতে ছিলেন না বলে জানা যায়। এ বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের দৃষ্টি আকৃষ্ট হলে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। প্রেক্ষিতে কর্তৃপক্ষ উল্লেখিত দুইজন চিকিৎসককে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা পরবর্তী ২ কর্ম দিবসের মধ্যে জানানোর নির্দেশ দেন ও কৈফিয়ত তলব করেন।