সংবাদ শিরোনাম

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের কাজে থাকা একটি নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় শহরের চ্যাটসওয়ার্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মারাত্মক একটি বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলের দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। এটি এনবিসি লস অ্যাঞ্জেলেসের সম্প্রচার কেন্দ্র এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) তথ্য অনুযায়ী, লারলাইন এভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছাকাছি দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী একটি জায়গায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পর সেখানে থাকা দুটি শিপিং কনটেইনার ও কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এনবিসি৪-এর একটি লাইভ সম্প্রচারে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস। তিনি জানান, হেলিকপ্টারটি নিউজ টিমেরই ছিল এবং দুর্ঘটনার আগে সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) ও শহরের মেয়রের কার্যালয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামও নিহতদের পরিবারের পাশাপাশি এনবিসি৪ কর্তৃপক্ষের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে একই এলাকায় একটি সিটি বাসের সঙ্গে একটি এসইউভির সংঘর্ষ হয়। ওই ঘটনায় দুজন নিহত এবং ছয়জন আহত হন। সেই দুর্ঘটনার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যেই নিউজ হেলিকপ্টারটি ঘটনাস্থলের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।