অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ সামনে রেখে কাল আনচেলত্তির ব্রাজিল দল ঘোষণা, থাকছে নতুন মুখের চমক?
শাহনুর রুমেন | সাও পাওলো, ব্রাজিল:
বিশ্বকাপের পর নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন তিনটি প্রীতি ম্যাচ সামনে রেখে আগামীকাল, ৯ সেপ্টেম্বর ২৬ সদস্যের দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সময় বিকেল ৩টায় রিও ডি জেনেইরোর CBF সদর দপ্তরে হবে এই ঘোষণা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে CBF TV।
বিশ্বকাপ-পরবর্তী এই দল ঘোষণাকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কারণ, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রজন্মের ফুটবলারদের সুযোগ দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছেন আনচেলত্তি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে তিন ম্যাচকে তিনি নতুন খেলোয়াড়দের পরীক্ষা ও ভবিষ্যৎ দল গঠনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।
নতুন মুখের সম্ভাবনা
চূড়ান্ত তালিকা প্রকাশ না হলেও বিভিন্ন ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে সম্ভাব্য তালিকায় বেশ কয়েকজন তরুণের নাম উঠে এসেছে। Corinthians-এর Hugo Souza, Matheuzinho, André ও Breno Bidon, Santos-এর Gabriel Bontempo এবং Al-Nassr-এর তরুণ আক্রমণভাগের খেলোয়াড় Ângelo Gabriel প্রাথমিক তালিকায় রয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া Cruzeiro-এর Otávio, Jonathan Jesus, Zé Lucas, Matheus Pereira ও Kaio Jorge-এর নামও আনচেলত্তির প্রাথমিক তালিকায় রয়েছে বলে জানিয়েছে ge। তবে প্রাথমিক তালিকায় থাকা মানেই চূড়ান্ত ২৬ জনের দলে জায়গা পাওয়া নয়।
সামনে অস্ট্রেলিয়া, এরপর ভারত
ব্রাজিল প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে হবে ম্যাচ দুটি। এরপর নতুন ইতিহাসের সাক্ষী হবে কলকাতা। ৩ অক্টোবর Salt Lake Stadium-এ প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে ভারত ও ব্রাজিল মুখোমুখি হবে।
এই তিন ম্যাচ দিয়েই শুরু হবে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির নতুন পরিকল্পনার পথচলা। ফলে আগামীকালের ২৬ সদস্যের তালিকায় অভিজ্ঞ তারকাদের পাশাপাশি কতজন নতুন মুখ জায়গা পান—সেদিকেই এখন নজর ব্রাজিলজুড়ে।