মরিয়মের মন্তব্য ঘিরে বিতর্কে তাঁর পাশে আজমা বুখারি
ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:
সন্ত্রাসবাদ নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যে তাঁর পক্ষ নিয়েছেন প্রদেশটির তথ্যমন্ত্রী আজমা বুখারি। সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, সমালোচকেরা ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে ‘প্রাদেশিক ও জাতিগত রং’ দিচ্ছেন।
গত সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় মরিয়ম নওয়াজ বলেছিলেন, ‘দুর্ভাগ্যের বিষয় হলো, আমার প্রতিবেশী দেশগুলোর চেয়ে প্রতিবেশী প্রদেশগুলো থেকেই পাঞ্জাব বেশি হুমকির মুখে।’
এই মন্তব্যের পর বিশেষ করে খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেখানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষ বলে আসছেন, পাকিস্তানের কয়েক দশকের জঙ্গিবাদবিরোধী লড়াইয়ের সবচেয়ে বড় মূল্য তাদেরই দিতে হয়েছে।
বিতর্কের জবাবে আজমা বুখারি বলেন, মুখ্যমন্ত্রী কোনো জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে মন্তব্য করেননি; তিনি শুধু প্রদেশের সীমানা পেরিয়ে জঙ্গিদের চলাচলের বিষয়টি তুলে ধরেছেন।
তিনি বলেন, ‘মরিয়ম নওয়াজ এমন সন্ত্রাসীদের কথা বলেছেন, যারা একটি প্রদেশে সীমাবদ্ধ থাকে না এবং শেষ পর্যন্ত পাঞ্জাবে চলে আসে। এতে আপত্তির কী আছে?’
বুখারি বলেন, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো, যাদের মধ্যে ভারতের মদদপুষ্ট গোষ্ঠীও রয়েছে বলে তিনি দাবি করেন, পুরো পাকিস্তানের জন্যই নিরাপত্তা হুমকি তৈরি করছে।
তিনি জানান, পাঞ্জাব সরকার তাদের সন্ত্রাসবিরোধী বিভাগ (সিটিডি) নতুন করে ঢেলে সাজিয়েছে এবং প্রদেশে সন্ত্রাসীদের ‘স্লিপার সেল’ বা গোপন ঘাঁটিগুলোও ভেঙে দেওয়া হয়েছে। জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের সদস্যরা নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
বুখারি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের ওপর আসা বাইরের হুমকি মোকাবিলায় পুরোপুরি সক্ষম। তাঁর দাবি, ভারত সরাসরি সংঘাতে না গিয়ে বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে নিজেদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে।
কেপি সরকারের সমালোচনা করে পাঞ্জাবের এই মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা মূলত প্রাদেশিক সরকারের দায়িত্ব।
তিনি বলেন, ‘আপনি একটি প্রদেশকে শুধু সেনাবাহিনী ও পুলিশের হাতে তুলে দিয়ে নিজের দায়িত্ব থেকে সরে যেতে পারেন না।’ কেপির মুখ্যমন্ত্রীর মরিয়ম নওয়াজের কাছে ক্ষমা চাওয়ার দাবিরও সমালোচনা করেন তিনি।
বুখারি বলেন, কেপি সরকারের উচিত রাজনৈতিক সংঘাতের দিকে মনোযোগ না দিয়ে বাড়তে থাকা জঙ্গি হুমকি মোকাবিলা করা। তাঁর ভাষ্য, পাঞ্জাবে যেভাবে সন্ত্রাসীদের গোপন ঘাঁটি ধ্বংস করা হয়েছে, কেপিতেও সেভাবেই এসব ঘাঁটি নির্মূল করা প্রয়োজন।
মরিয়ম নওয়াজের মন্তব্যকে কেন্দ্র করে পাঞ্জাব সরকার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সমর্থিত খাইবার পাখতুনখোয়া সরকারের মধ্যে চলমান তীব্র রাজনৈতিক বিরোধ আরও নতুন এক সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে।
সূত্র: ডন