সংবাদ শিরোনাম

রিয়াদে ফ্যালকন নিলামে বাড়ছে বৈশ্বিক খামারের ভিড়

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

রিয়াদে ফ্যালকন নিলামে বাড়ছে বৈশ্বিক খামারের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে মালহামে আয়োজিত আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষায়িত ফ্যালকন প্রজনন খামারের অংশগ্রহণ বাড়ছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে নিলামটির গ্রহণযোগ্যতা ও সুনাম আরও জোরালো হচ্ছে।

সৌদি ন্যাশনাল সেন্টার ফর ফ্যালকন্স জানিয়েছে, নতুন করে ১৪টি খামার নিলামে যোগ দিয়েছে। এর মধ্যে স্পেনের ছয়টি খামার রয়েছে। পাশাপাশি জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, স্লোভাকিয়া, বেলজিয়াম, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও বাহরাইনের খামারও এবার অংশ নিচ্ছে।

আয়োজকদের মতে, এসব খামারের অংশগ্রহণ নিলামটির আন্তর্জাতিক পরিসর বাড়িয়েছে এবং বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যালকন প্রজননকারীদের আকৃষ্ট করার সক্ষমতা তুলে ধরেছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রয়-বিক্রয়ের জন্য নির্ভরযোগ্য পরিবেশ থাকায় ব্রিডার, বিনিয়োগকারী ও শৌখিনদের কাছে নিলামটির আস্থা তৈরি হয়েছে।

নিলামটি বিক্রেতাদের সরাসরি বিপুলসংখ্যক ফ্যালকন শিকারি ও ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ দিচ্ছে। ফলে তারা নিজেদের উৎপাদিত পাখি বাজারজাত করার পাশাপাশি প্রতিযোগিতামূলক দামে বিক্রির সুযোগও পাচ্ছেন।

আগামী ২৫ আগস্ট পর্যন্ত প্রজনন খামারগুলো নিলামে অংশ নিতে পারবে। বিশেষভাবে তৈরি প্যাভিলিয়নে তারা নিজেদের পাখি প্রদর্শন করছে এবং সরাসরি প্রতিযোগিতামূলক নিলামে অংশ নিচ্ছে।

সম্প্রতি কানাডায় প্রজনন করা একটি ‘সুপার হোয়াইট মটলড গাইরফ্যালকন’ ছানা ১৩ লাখ সৌদি রিয়ালে (৩ লাখ ৪৬ হাজার ৬০০ ডলার) বিক্রি হয়েছে। ২০২৬ সালের নিলামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পাখি। একই সঙ্গে এটি নিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামের বিক্রিও।

নিলামটির সর্বোচ্চ বিক্রির রেকর্ড এখনো ২০২১ সালের। উদ্বোধনী আসরে একটি ‘আল্ট্রা হোয়াইট গাইরফ্যালকন’ ছানা ১৭ লাখ ৫০ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়েছিল।

সৌদি আরবের ফ্যালকন শিকারের ঐতিহ্য সংরক্ষণ ও এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রজননকারী, ক্রেতা, ফ্যালকন শিকারি ও অনুরাগীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই আয়োজনের লক্ষ্য।