সংবাদ শিরোনাম

ব্রাজিলে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, মুখোমুখি লুলা ও ফ্লাভিও বলসোনারো

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ব্রাজিলে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, মুখোমুখি লুলা ও ফ্লাভিও বলসোনারো

শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল):

ব্রাজিলে শুরু হয়েছে ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। গত ১৬ আগস্ট থেকে দেশটির প্রার্থীরা প্রকাশ্যে ভোট চাওয়া, সভা-সমাবেশ এবং বিভিন্ন প্রচার কার্যক্রম চালানোর আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ব্রাজিলের রাজনীতির দুই গুরুত্বপূর্ণ মুখ লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ফ্লাভিও বলসোনারো নিজেদের শক্ত ঘাঁটি থেকে প্রচারণার সূচনা করেন।

বর্তমান প্রেসিডেন্ট লুলা সাও পাওলো রাজ্যের São Bernardo do Campo শহর থেকে প্রচারণা শুরু করেন। শহরটি লুলার রাজনৈতিক জীবনের সঙ্গে ঐতিহাসিকভাবে জড়িত। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ও প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারো রিও ডি জেনেইরোর বিখ্যাত Copacabana Beach থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

লুলার প্রচারণায় সামাজিক ন্যায়, নারীদের ভূমিকা, জাতীয় সার্বভৌমত্ব ও ব্রাজিলের অর্থনৈতিক স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। অন্যদিকে ফ্লাভিও বলসোনারো তার বক্তব্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং তার বাবা জাইর বলসোনারোর রাজনৈতিক উত্তরাধিকারকে সামনে তুলে ধরেছেন। 


ব্রাজিলের এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে ইতোমধ্যেই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক জরিপগুলোতে লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে ব্যবধান খুব বেশি নয়, ফলে আগামী কয়েক সপ্তাহে দেশটির রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট আগামী ৪ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা। কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেলে ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।