ট্রাম্পের পোস্ট বিক্রি, মামলা করল দুই গণমাধ্যম

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ট্রাম্পের পোস্ট বিক্রি, মামলা করল দুই গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রকাশের আগেই অর্থের বিনিময়ে গ্রাহকদের কাছে দেওয়ার উদ্যোগ বন্ধ করতে আদালতে মামলা করেছে দ্য ইন্টারসেপ্ট ও অলাভজনক সংগঠন ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন।

বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে করা মামলায় বলা হয়েছে, সাবস্ক্রিপশনভিত্তিক এই সেবা জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করবে।

মামলার নথিতে এই উদ্যোগকে ‘গভীরভাবে দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট এমন সরকারি তথ্য থেকে ব্যক্তিগতভাবে আর্থিক লাভ করতে পারেন, যা বাজারে প্রভাব ফেলতে পারে এবং অর্থ দিতে সক্ষম ব্যক্তিদের আগে দেওয়া হবে।

মামলায় মার্কিন সংবিধানের সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার তুলে ধরে বলা হয়েছে, ট্রাম্পের এই পরিকল্পনা সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে প্রেসিডেন্টের প্রকাশ্য ঘোষণায় সবার সমান প্রবেশাধিকারের অন্তর্নিহিত নিশ্চয়তা লঙ্ঘন করতে পারে।

মামলাকারীরা আরও দাবি করেছেন, সরকারি তথ্য পাওয়ার জন্য ইচ্ছামতো অর্থ নেওয়া হলে তা সংবিধানের পঞ্চম সংশোধনীর সুরক্ষারও পরিপন্থী হবে।

মামলায় ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে তাঁর সরকারি পদমর্যাদায় বিবাদী করা হয়েছে। একই সঙ্গে হোয়াইট হাউসের সহযোগী নাটালি হার্প এবং উপপ্রধান স্টাফ ড্যান স্ক্যাভিনোর নামও রয়েছে।

মামলার মূল বিষয় ‘ট্রুথ এপিআই’। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের এই সেবা জুলাইয়ে ঘোষণা করা হয় এবং ১ আগস্ট চালু হয়।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের এই সাবস্ক্রিপশন সেবায় ট্রাম্পসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকাউন্টের পোস্ট রিয়েল টাইমে পাওয়ার জন্য মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত দিতে হয়। মামলার নথি অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত ১০টির বেশি গ্রাহক এই সেবায় যুক্ত হয়েছিল।

সমালোচকদের দাবি, ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করে এমন নীতিগত সিদ্ধান্ত ও ঘোষণা দেন, যার সরাসরি প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রভাব বৈশ্বিক তেলের বাজারেও দেখা গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় অংশীদারিত্ব রয়েছে। এর বর্তমান মূল্য প্রায় ১০০ কোটি ডলার। ২০২৫ সালের শুরুতে শেয়ারগুলো একটি ট্রাস্টে দেওয়ার সময় এই অংশীদারিত্বের মূল্য ছিল প্রায় ৪০০ কোটি ডলার।


দ্য ইন্টারসেপ্টের প্রধান সম্পাদক বেন মুসিগ অভিযোগ করেছেন, সরকারি তথ্য ব্যক্তিগতভাবে বিক্রি করে ট্রাম্প নিজের সম্পদ বাড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, তাঁরা এই উদ্যোগ মেনে নেবেন না।

তবে ট্রাম্প মিডিয়া এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের যোগাযোগ এরই মধ্যে অসংখ্য প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায়। এসব প্রতিষ্ঠানের অনেকেই সাবস্ক্রিপশনভিত্তিক এপিআই সেবা দিয়ে থাকে।

বিষয়টি নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি। মামলাটি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে শুনানি হওয়ার কথা।

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement