উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত একজন
আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, বেইত লাহিয়ার ওয়েস্টার্ন রাউন্ডঅ্যাবাউটের কাছে তিন চাকার একটি টুকটুক গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। নিহত ব্যক্তির নাম মোহানাদ সাদা। আহত পাঁচজনের সঙ্গে তাঁর মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, সাদা পৌরসভার একটি রক্ষণাবেক্ষণ দলের সদস্য ছিলেন। আগের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত একটি পানির কূপ মেরামত করে ফেরার সময় দলটির ওপর হামলা হয়।
বাসাল বলেন, এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বিমান হামলা ও হত্যাকাণ্ড প্রায় বন্ধ ছিল। কিন্তু বুধবার আবারও বিমান হামলা শুরু হয়েছে।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল হামাসের একজন কমান্ডার। ওই কমান্ডার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে ইসরায়েল।
সম্প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার পর গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা কমে এলেও স্থলভাগে গোলাবর্ষণ ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
আল জাজিরার সাংবাদিকেরা জানিয়েছেন, বুধবার গাজায় আরও অন্তত দুটি হামলা হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে কোয়াডকপ্টার ড্রোন হামলায় এক বাবা আহত হন এবং তাঁর ১৩ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়। মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের কাছেও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
গুরুতর আহত ছেলেটির বাবা আল জাজিরাকে বলেন, তিনি ফালাফেল কিনে নিয়ে হাঁটছিলেন। হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ শুনে মানুষ ছুটতে শুরু করে। পরে তিনি তাঁর ছেলেকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ছেলেটির মাথা ও পায়ে গোলার টুকরার আঘাত লেগেছে।
এদিকে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করার কয়েক দিন পর এসব হামলা হলো।
ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ প্রণীত ১৫ দফা পরিকল্পনায় গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণের’ কথা বলা হয়েছে। ট্রাম্প এটিকে স্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে ‘ঐতিহাসিক’ ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। হামাস পরিকল্পনাটি অনুমোদন করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করেন।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের সমর্থনে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩৮৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২৫৯ জন আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা