সংবাদ শিরোনাম

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য সমঝোতা হলেও তা একাই হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যথেষ্ট নয়।

বুধবার এক সাক্ষাৎকারে ঘারিবাবাদি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের (MoU) আওতায় দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে এবং আবারও সামরিক উত্তেজনা বাড়িয়েছে।

তিনি বলেন, এসব বিষয়ে অগ্রগতি হলে তবেই হরমুজ প্রণালি পুনরায় চালুর পথ তৈরি হতে পারে। একই সঙ্গে লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আগে সাময়িকভাবে শিথিল করা কিছু নিষেধাজ্ঞা, বিশেষ করে তেল খাতের ওপর, আবার কার্যকর করেছে। এ ছাড়া ইরানের জব্দ করা সম্পদ মুক্তির বিষয়ে আলোচনাও থেমে গেছে বলে তিনি দাবি করেন।

ঘারিবাবাদি বলেন, হরমুজ প্রণালিতে কোনো বিদেশি হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। তাঁর ভাষ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে যেকোনো সমঝোতা কেবল ইরান ও ওমানের মধ্যেই হওয়া উচিত।

এর আগে তেহরান ও মাসকাট জানিয়েছিল, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি নতুন নৌপথ তৈরির আলোচনায় অগ্রগতি হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, প্রস্তাবিত নৌপথের ভৌগোলিক সীমারেখা নিয়ে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। বর্তমানে যৌথ বিবৃতির খসড়া প্রস্তুত ও চূড়ান্ত পর্যালোচনার কাজ চলছে।

Advertisement
Advertisement
Advertisement