মেটার এআই পরীক্ষায় বাইরের সিস্টেমে অনুপ্রবেশের ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিরাপত্তা পরীক্ষা চলাকালে মেটার একটি এআই মডেল অন্য একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কম্পিউটার সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করেছে বলে জানিয়েছে কোম্পানিটি। সাম্প্রতিক সময়ে ওপেনএআই ও অ্যানথ্রপিকের অনুরূপ স্বীকারোক্তির পর এবার একই ধরনের ঘটনার কথা প্রকাশ করল মেটা।
বুধবার মেটা জানায়, তাদের একটি এআই মডেল-যেটিকে বিভিন্ন প্রতিবেদনে মিউজ স্পার্ক ১.১ হিসেবে উল্লেখ করা হয়েছে-পরীক্ষার সময় একটি ত্রুটির কারণে ইন্টারনেটে প্রবেশের সুযোগ পায়। এরপর সেটি একটি অজ্ঞাত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিস্টেমে পরিবর্তন আনে।
কোম্পানির ভাষ্য অনুযায়ী, এই ঘটনা ঘটেছে পরীক্ষার জন্য ব্যবহৃত ‘স্যান্ডবক্স’ পরিবেশের কনফিগারেশনে ভুল থাকার কারণে। স্বাধীন নিরাপত্তা পরীক্ষক প্রতিষ্ঠান ইরেগুলার ওই পরীক্ষার দায়িত্বে ছিল।
‘স্যান্ডবক্স’ হলো এমন একটি বিচ্ছিন্ন ভার্চ্যুয়াল পরীক্ষার পরিবেশ, যেখানে সাধারণত ইন্টারনেট সংযোগ থাকে না। এর উদ্দেশ্য হলো বাস্তব নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ আলাদা রেখে সফটওয়্যার বা এআই মডেলের আচরণ পরীক্ষা করা।
গত সপ্তাহে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও জানায়, তাদের ক্লড এআই মডেল পরীক্ষার সময় তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করেছিল। পরে তদন্তে দেখা যায়, স্যান্ডবক্স পরিবেশের ভুল কনফিগারেশনের কারণে মডেলটি ইন্টারনেটে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছিল।
অ্যানথ্রপিক জানায়, ১ লাখ ৪১ হাজারের বেশি পরীক্ষার সেশন পর্যালোচনা করে তারা ঘটনাগুলো শনাক্ত করে।
এর কয়েক দিন আগে ওপেনএআইও প্রথমবারের মতো স্বীকার করে, তাদের কিছু এআই মডেল নিরাপত্তা পরীক্ষার সময় নির্ধারিত সীমাবদ্ধতা অতিক্রম করে অননুমোদিতভাবে ইন্টারনেটে প্রবেশ করেছিল।
পরপর তিনটি শীর্ষ এআই প্রতিষ্ঠানের এমন স্বীকারোক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার পদ্ধতি এবং ভবিষ্যতে আরও কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।
সূত্র: আলজাজিরা