ডিসকো বেসরকারিকরণে বিদেশি বিনিয়োগ টানতে প্রধানমন্ত্রীর নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর (ডিসকো) বেসরকারিকরণে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সমন্বিত কৌশল গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে এক মাসের মধ্যে বেসরকারিকরণ কমিশনের পুনর্গঠন সম্পন্ন করারও নির্দেশ দেন তিনি।
বুধবার ইসলামাবাদে ডিসকোগুলোর বেসরকারিকরণ অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর ও বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবে পুরো প্রক্রিয়ায় বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশও দেন তিনি।
শাহবাজ শরিফ বলেন, বেসরকারিকরণের প্রতিটি ধাপ নির্ধারিত সময়সীমার মধ্যে, বিদ্যমান আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে এ প্রক্রিয়া থেকে লাভজনক ফল নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে পাকিস্তাসহ বিভিন্ন দেশে আয়োজিত ‘রোডশো’ সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসব কর্মসূচির মাধ্যমে বেসরকারিকরণ পরিকল্পনার প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
বৈঠকে জানানো হয়, প্রথম ধাপে গুজরানওয়ালা ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (জেপকো), ফয়সালাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ফেসকো) এবং ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (আইসকো) বেসরকারিকরণে বিনিয়োগকারী আকর্ষণের জন্য আয়োজিত রোডশো শেষ হয়েছে। তুরস্ক, সৌদি আরব ও চীনে অনুষ্ঠিত বিনিয়োগ প্রচারণা থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার কথা বৈঠকে জানানো হয়।
এ ছাড়া ডিসকোগুলোর বেসরকারিকরণের প্রথম ধাপের অগ্রগতি এবং বেসরকারিকরণ কমিশনকে আরও কার্যকর করতে প্রাতিষ্ঠানিক সংস্কার ও দক্ষ জনবল নিয়োগের বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
শাহবাজ শরিফ কমিশনের জনবল শক্তিশালী করতে অর্থনীতি, আইন ও তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ নিয়োগের নির্দেশ দেন। তাঁর মতে, দক্ষ পেশাজীবীদের অন্তর্ভুক্তি কমিশনের সক্ষমতা বাড়াবে এবং আরও বেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে।
তিনি আরও নির্দেশ দেন, অভিজ্ঞ পেশাদার পরামর্শকদের সুপারিশ বেসরকারিকরণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও আর্থিক নিয়ন্ত্রক কাঠামো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বেসরকারিকরণের পরও গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। এ জন্য বেসরকারিকরণ হওয়া প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন তিনি।
বৈঠকে জ্বালানিমন্ত্রী সরদার আওয়াইস আহমেদ খান লেঘারি, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা, তথ্যপ্রযুক্তিমন্ত্রী শাজা ফাতিমা খাজা, প্রধানমন্ত্রীর বেসরকারিকরণবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ আলী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৯ মে পাকিস্তানের বেসরকারিকরণ কমিশন ফেসকো, জেপকো ও আইসকোর শেয়ার বিক্রির জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহপত্র আহ্বান করে। কমিশন ফেসকোর জন্য ৭ জুলাই, জেপকোর জন্য ২৪ আগস্ট এবং আইসকোর জন্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করেছে।
এই তিনটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি যৌথভাবে পাঞ্জাবের প্রধান শিল্প ও বাণিজ্যিক এলাকা, ইসলামাবাদ অঞ্চল এবং আজাদ জম্মু ও কাশ্মীরের কিছু অংশে ১ কোটি ৪০ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে।
বেসরকারিকরণ পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি কোম্পানিতে ৫১ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মালিকানা এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ অধিগ্রহণের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।