সংস্কারের পর সিরিয়ায় চালু হলো পাম ভিলেজ হোটেল

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সংস্কারের পর সিরিয়ায় চালু হলো পাম ভিলেজ হোটেল

আন্তর্জাতিক ডেস্ক:

সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষ করে রাজধানী দামেস্কের উপকণ্ঠের ইয়াফুর এলাকায় চার তারকা মানের পাম ভিলেজ হোটেলের উদ্বোধন করেছেন সিরিয়ার পর্যটনমন্ত্রী মাজেন আল-সালহানি। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পর্যটন খাতের অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে হোটেলটি পুনরায় চালু করা হয়েছে। কর্তৃপক্ষের আশা, এই প্রকল্পের মাধ্যমে ৫০ থেকে ৬০ জনের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সাড়ে তিন হাজার বর্গমিটার আয়তনের হোটেলটিতে রয়েছে ৩৩টি স্যুট, ইনডোর ও আউটডোর রেস্তোরাঁ, সভাকক্ষ, বিজনেস সেন্টার এবং বিভিন্ন ক্রীড়া ও সেবাসুবিধা। ব্যবসায়িক সফরে আসা অতিথি ও পরিবার-উভয়ের প্রয়োজন বিবেচনায় এসব সুবিধা গড়ে তোলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী মাজেন আল-সালহানি বলেন, পর্যটন খাতে প্রতিটি নতুন বিনিয়োগই সিরিয়ার অর্থনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর মতে, গুণগত মান, উদ্ভাবন ও টেকসই উন্নয়ননির্ভর প্রকল্পগুলো পর্যটন খাতের প্রতিযোগিতা বাড়াবে, দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে এবং সিরিয়ায় বিনিয়োগের প্রতি বেসরকারি খাতের আস্থার প্রতিফলন ঘটাবে।

হোটেলটির বিনিয়োগকারী মোহাম্মদ ওমর শুরা জানান, ২০১১ সালে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর পুরো স্থাপনাটি নতুন করে সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার বড় অংশ এখন বিকল্প জ্বালানির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারে তাদের অঙ্গীকারের প্রতিফলন।

এর আগে ১৫ জুলাই দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে অবস্থিত ‘স্কি ল্যান্ড’ শপিং ও বিনোদন কমপ্লেক্সেরও উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী। দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হওয়া এই কমপ্লেক্সে রেস্তোরাঁ, বিভিন্ন দোকান এবং আইস স্কেটিং রিঙ্কসহ নানা বিনোদন সুবিধা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement