আলজেরিয়ার বাস দুর্ঘটনায় সৌদির শোক ও সমবেদনা
আন্তর্জাতিক ডেস্ক:
আলজেরিয়ার বুমেরদেস প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি আরব। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশের পাশাপাশি আলজেরিয়ার জনগণ ও সরকারের প্রতি সংহতি জানায়।
আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, যাত্রীবাহী বাসটি একটি খাদে পড়ে গেলে অন্তত ২৭ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে এই দুর্ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে আলজেরিয়ার জনগণ ও সরকারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এদিকে সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান পৃথক শোকবার্তায় আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুনের প্রতি সমবেদনা জানান। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, দুই নেতা নিহতদের স্বজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।