আইডাহোর রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত তিন, আহত সাত

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

আইডাহোর রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত তিন, আহত সাত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তবে নিহত ও আহতদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়ায় শুরুতে হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাঁর ভাষায়, ঘটনাস্থলের পরিস্থিতি ছিল অত্যন্ত বিশৃঙ্খল।

প্রত্যক্ষদর্শী লেন কোহেন জানান, তিনি রেস্তোরাঁর কাছে একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি দেখেন, এআর-ধাঁচের একটি রাইফেল হাতে একজন ব্যক্তি রেস্তোরাঁর ড্রাইভ-থ্রু এলাকা থেকে বেরিয়ে আসে। পরে পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান।

কোহেন আরও বলেন, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাকর্মীরা পৌঁছানোর অপেক্ষা করা হয়। আহত নারীর অবস্থা ছিল আশঙ্কাজনক বলে তিনি জানান।

শহর প্রশাসনের মুখপাত্র জশ পামার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলায় একজনই সরাসরি জড়িত ছিলেন। তবে অন্য কেউ সম্পৃক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হামলাকারীর পরিচয় নিশ্চিত করার কাজও চলছে।

আইডাহোর সিনেটর মাইক ক্র্যাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি সেবাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন। হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি তদন্তকারীরা।

Advertisement
Advertisement
Advertisement