সংবাদ শিরোনাম

বার্লিন প্রাইড মিছিলে গাড়িচাপা, নিহত একজন, আহত ষোলো

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

বার্লিন প্রাইড মিছিলে গাড়িচাপা, নিহত একজন, আহত ষোলো

আন্তর্জাতিক ডেস্ক:

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ প্রাইড মিছিল চলাকালে জনতার ওপর একটি গাড়ি উঠে গেলে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার রাত প্রায় ১০টার দিকে (স্থানীয় সময়) শহরের কেন্দ্রীয় টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে। এর পরপরই নিরাপত্তার স্বার্থে প্রাইড অনুষ্ঠানের বাকি অংশ বাতিল ঘোষণা করে পুলিশ।

বার্লিন পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সাদা রঙের গাড়ি প্রাইড মিছিলের রুটসংলগ্ন টিয়ারগার্টেন পার্কে কয়েকজনকে ধাক্কা দিয়ে একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। ঘটনায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ঘটনাস্থলে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। হামলায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে ব্যাপক অভিযান চলছে। ঘটনার পর টিয়ারগার্টেন টানেলের দক্ষিণাংশ থেকে পটসডামার প্লাৎজ পর্যন্ত এলাকাজুড়ে প্রমাণ সংগ্রহে তল্লাশি চালানো হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

রোববার ভোরে বার্লিন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানান, একজন সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন এবং বার্লিনের কিছু ইসলামপন্থী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকার তথ্য রয়েছে। তবে এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি।

নাথ বলেন, সন্দেহভাজনের উদ্দেশ্য, ঘটনার সুনির্দিষ্ট ক্রম বা এই হামলায় তার ভূমিকা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। তাকে ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চলছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জ বলেন, তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ট এই ভয়াবহ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে কাজ করবেন।

বার্লিনের মেয়র কাই ভেগনার বলেন, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত প্রাইড মিছিলের পর সহনশীল ও উন্মুক্ত বার্লিনের ওপর এমন নৃশংস হামলা গভীরভাবে মর্মাহত করেছে। তার ভাষায়, এটি মুক্ত ও বহুত্ববাদী সমাজের ওপর সরাসরি আঘাত। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পুলিশের ওপর আস্থা প্রকাশ করেন।

শনিবার সকাল থেকেই প্রাইড মিছিল ও সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোর নিরাপত্তায় দুই হাজার ২০০–এর বেশি পুলিশ সদস্য মোতায়েন ছিল। ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ আয়োজন ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে লাখো মানুষ বার্লিনে জড়ো হয়েছিলেন। হামলার পর রাত ১০টা ১৫ মিনিটের দিকে ব্রান্ডেনবুর্গ গেটের সামনে চলমান মূল অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এবং উপস্থিত সবাইকে নিরাপদে বাড়ি ফিরে যেতে ও টিয়ারগার্টেন পার্ক এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায় পুলিশ।

ঘটনার আগে কয়েক ঘণ্টা ধরে উৎসবমুখর পরিবেশে শহরের বিভিন্ন সড়কে মিছিল, সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে প্রাইড উদ্‌যাপন চলছিল। প্রায় ৮০টি শোভাযাত্রার যান এতে অংশ নিয়েছিল।

সূত্র:আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement