সংবাদ শিরোনাম

আইসের গুলিতে নিহত বাবার বিচার চাইলেন দুই ছেলে

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

আইসের গুলিতে নিহত বাবার বিচার চাইলেন দুই ছেলে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অভিবাসন কর্তৃপক্ষের (আইস) গুলিতে নিহত লরেঞ্জো সালগাদো আরাউহোর দুই ছেলে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন। শুক্রবার ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক শুনানিতে তারা নিজেদের পরিবারের অভিজ্ঞতাকে "কাফকাসুলভ দুঃস্বপ্ন" বলে বর্ণনা করেন।

পূর্বপ্রস্তুত লিখিত বক্তব্যে দুই ছেলে বলেন, তাদের বাবা সারাজীবন পরিবারের নিরাপত্তা ও ভরণপোষণের জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি তাদের শিখিয়েছিলেন, পরিশ্রমের ফল একদিন অবশ্যই পাওয়া যায়।

৫২ বছর বয়সী লরেঞ্জো সালগাদো আরাউহো টেক্সাসের হিউস্টনে আইসের একটি ট্রাফিক স্টপ অভিযানের সময় গুলিতে নিহত হন। এ ঘটনার পর হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন এবং বিচার দাবি করেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, মেক্সিকান বংশোদ্ভূত সালগাদো আরাউহো তিন দশকেরও বেশি সময় ধরে বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তবে যে অভিযানে তিনি নিহত হন, সেখানে তিনি আইসের মূল লক্ষ্য ছিলেন না।

শুনানিতে ছেলে রোনালদো সালগাদো বলেন, ফেসবুকের একটি পোস্ট থেকেই তিনি প্রথম জানতে পারেন, তার বাবাকে গুলি করা হয়েছে। তিনি বলেন, বাবাকে দেখতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তার সাহায্যের আকুতি শুনতে পেয়েছিলেন।

হ্যারিস কাউন্টির জেলা অ্যাটর্নি শন টিয়ার শুনানিতে জানান, ঘটনাটির তদন্তে প্রয়োজনীয় তথ্য ও আলামত চেয়ে বারবার অনুরোধ করলেও আইসের তত্ত্বাবধায়ক সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) কোনো সহযোগিতা করেনি। এমনকি প্রাণঘাতী গুলি ছোড়া কর্মকর্তার পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।

ওই ট্রাফিক স্টপে সালগাদো আরাউহোর ভাইসহ আরও তিনজনকে আইস আটক করে। শুরুতে কর্তৃপক্ষ দাবি করেছিল, সালগাদো আরাউহো তার গাড়ি ব্যবহার করে কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করেছিলেন। তবে অভিযানে অংশ নেওয়া আইস সদস্যদের শরীরে কোনো বডি ক্যামেরা ছিল না এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে সরকারি দাবির সঙ্গে অসঙ্গতি দেখা গেছে।

শুনানিতে অংশ নেওয়া ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্যরা বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে তারা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে আইসের কার্যক্রম তদন্ত করবেন এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেবেন।

ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ক্রিশ্চিয়ান মেনেফি বলেন, আইসকে বর্তমান কাঠামো থেকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হবে, যাতে সংস্থাটি মানুষের মর্যাদাকে সম্মান করে দায়িত্ব পালন করে। তবে বর্তমান প্রশাসনের অধীনে এমন পরিবর্তন সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন।

সালগাদো আরাউহোর মৃত্যুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মেইন অঙ্গরাজ্যের বিডেফোর্ডে আইসের গুলিতে কলম্বীয় অভিবাসী জোয়ান সেবাস্তিয়ান দুরান গেরেরোও নিহত হন। এর আগে চলতি বছর মিনিয়াপোলিসে পৃথক দুই ঘটনায় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হলে দেশজুড়ে ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়।

সূত্র:আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement