হামলার পর সংবাদভোজে ফিরলেন ট্রাম্প, কটাক্ষ অব্যাহত রইল
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মাস আগে সশস্ত্র হামলার কারণে স্থগিত হয়ে যাওয়া হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) নৈশভোজে আবারও অংশ নিয়েছেন। শুক্রবার ওয়াশিংটনের ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে আয়োজিত পুনর্নির্ধারিত অনুষ্ঠানে তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে বক্তব্য দেন, কৌতুক করেন এবং রাজনৈতিক প্রতিপক্ষ ও গণমাধ্যমকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য ছুড়ে দেন।
বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, ‘তিন মাস আগে যেমন বলেছিলাম, অনুষ্ঠান চলতেই হবে।’ এরপর তিনি রসিকতা করে বলেন, ‘আমার প্রেসিডেন্সির মতোই দ্বিতীয়বার আরও ভালো, আর তৃতীয়বার হবে আরও ভালো।’ সঙ্গে সঙ্গেই দুই হাত তুলে যোগ করেন, ‘আমি শুধু মজা করছি।’ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। তবে ট্রাম্প সাম্প্রতিক সময়ে তৃতীয়বার নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গ নিয়ে বারবার রসিকতা করে আসছেন।
এ বছরের এপ্রিল মাসে ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে এক বন্দুকধারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢোকার চেষ্টা করলে পুরো আয়োজন ভেস্তে যায়। প্রসিকিউটরদের অভিযোগ, অভিযুক্ত কোল টোমাস অ্যালেন বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে এক সিক্রেট সার্ভিস সদস্যকে গুলি করে আহত করেন। পরে তাকে আটক করা হয়। বর্তমানে প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগে তিনি ফেডারেল মামলার মুখোমুখি।
সেই ঘটনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এটি শুধু তার ওপর হামলা ছিল না, বরং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপরও আঘাত। তিনি দাবি করেন, ঘটনার সময় তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী, যার মধ্যে পিট হেগসেথ, স্টিফেন মিলার ও টম হোম্যান ছিলেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি কটাক্ষ করে বলেন, ‘তারা টেবিলের ওপর দাঁড়িয়ে ছিলেন, আর আপনাদের বেশির ভাগ ছিলেন টেবিলের নিচে।’
বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প সংগীতশিল্পী নিকি মিনাজকে নিয়েও রসিকতা করেন। তিনি বলেন, ‘অনেকে চিৎকার করে বলছিল, নিচু হন, নিচু হন। এতে নিকি মিনাজ নাচতে শুরু করেছিলেন।’ পরে যোগ করেন, ‘ওই কথার মানে একমাত্র তিনিই বুঝেছিলেন।’ উপস্থিত সাংবাদিকদের মধ্যে এ মন্তব্যে সীমিত হাসির প্রতিক্রিয়া দেখা যায়।
অনুষ্ঠানে ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষদেরও ছাড় দেননি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে বিদ্রূপ করে ‘নিউস্কাম’ বলে উল্লেখ করেন। কংগ্রেস সদস্য ইলহান ওমরের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তোলেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকারকে ‘মোটা শূকর’ বলা হচ্ছে-এমন ভান করে নিজে সরাসরি শব্দটি উচ্চারণ না করেই কটাক্ষ করেন। একই সঙ্গে শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর চাক শুমারকে ‘ফিলিস্তিনি’ বলে অবমাননাকর মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রবেশের সময় ট্রাম্পকে উপস্থিত অতিথিরা সংযত করতালিতে স্বাগত জানান। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এখানেই ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে আক্রান্ত মানুষের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে।’
প্রথম মেয়াদে ২০১৭ সাল থেকে টানা চার বছর এই নৈশভোজ বর্জন করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি অনুষ্ঠানটিকে ‘মৃত’ বলে আখ্যা দিয়েছিলেন। তবে এবার তিনি অনুষ্ঠানের প্রশংসা করে একে ‘খুব ভালো আয়োজন’ এবং ‘অত্যন্ত চাহিদাসম্পন্ন’ বলে মন্তব্য করেন।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিবিএস নিউজের সাংবাদিক ওয়েইজিয়া জিয়াং অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতির জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আজকের বার্তা একটাই-আমরা ফিরে এসেছি। সহিংসতার কাছে আমরা মাথা নত করব না। একটি হামলাকে শেষ কথা বলতে দেব না।’
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার দীর্ঘদিন ধরেই বিতর্কিত একটি আয়োজন। অনেক সাংবাদিকের মতে, যাদের জবাবদিহির আওতায় রাখার কথা, তাদের সঙ্গে একই আসরে ঘনিষ্ঠ পরিবেশে অংশ নেওয়া সংবাদমাধ্যমের জন্য প্রশ্ন তৈরি করে। এপ্রিলের হামলার পর অনুষ্ঠানটি পুরোপুরি বাতিলের দাবিও জোরালো হয়ে ওঠে।
সূত্র:আলজাজিরা