ইরানে মার্কিন হামলা: যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন অনিশ্চিত
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলা ও পাল্টা ইরানি আক্রমণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা বেড়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। এর প্রভাব পড়ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতেও।
১৫ জুলাই প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, এসব হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ উপকূল ও হরমুজ প্রণালীর আশপাশের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরানের ওপর পুনরায় নৌ অবরোধও আরোপ করা হয়েছে।
অন্যদিকে, ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) মহাসচিব জাসেম আল-বুদাইউই ইরানের বিরুদ্ধে বাহরাইন, কুয়েত ও জর্ডানে হামলার অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছেন। তাঁর দাবি, এসব হামলায় কুয়েতের সামরিক সদস্যরা আহত হয়েছেন। এ ছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাতও সাম্প্রতিক দিনে নিজেদের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।
ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে বান্দার আব্বাস, বুশেহর, চাবাহার, ইসফাহান, জাস্ক, কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের একাধিক শহর ও দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে এসিএলইডি (ACLED)-এর তথ্য অনুযায়ী, মে ও জুন মাসেও যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি উপকূলীয় এলাকা ও নৌঘাঁটিতে হামলা চালিয়েছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ১০০টি জাহাজ, যার মধ্যে প্রায় অর্ধেক ছিল তেলবাহী ট্যাংকার, চলাচল করত। তবে ১৭ জুনের প্রাথমিক যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর পথটি খুললেও ১৮ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত মাত্র ৬০৩টি জাহাজ চলাচল করেছে, অর্থাৎ দৈনিক গড়ে ২৪টি। বিশ্লেষকদের আশঙ্কা, বর্তমান উত্তেজনা ও ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ আবারও প্রায় অচল হয়ে যেতে পারে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও খারাপ হলে ইয়েমেনের হুথিদের মাধ্যমে বাব আল-মান্দেব প্রণালীও ঝুঁকির মুখে পড়তে পারে। সে ক্ষেত্রে হরমুজ ও বাব আল-মান্দেব,দুই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথেই জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ব জ্বালানি ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সূত্র:আলজাজিরা