সংবাদ শিরোনাম

হেরাজ মার্কেট জামে মসজিদে হামলার অভিযোগ, উত্তেজনা বিরাজ

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন   |   বরিশাল

হেরাজ মার্কেট জামে মসজিদে হামলার অভিযোগ, উত্তেজনা বিরাজ

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর হেরাজ মার্কেট জামে মসজিদের সাবেক ইমামকে পুনর্বহালকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহত্তর হেরাজ মার্কেট ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুস সাকির পিন্টু অভিযোগ করেন, গত ১৮ এপ্রিল আসরের নামাজের পর একটি সংঘবদ্ধ দল মসজিদে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সাবেক ইমাম আবুল কালাম আজাদকে পুনর্বহালের ঘোষণা দেয়।

লিখিত বক্তব্যে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় ২০২৫ সালের ১৪ মে মসজিদ কমিটির সিদ্ধান্তে ওই ইমামকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। দীর্ঘদিন ইমাম শূন্য থাকার পর নতুন ইমাম নিয়োগের উদ্যোগ নেয় মসজিদ কমিটি।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রতিবাদ করলে মার্কেট কমিটির কয়েকজন সদস্য ও ব্যবসায়ীকে মারধর করা হয়। হামলায় অন্তত ছয়জন আহত হন এবং মসজিদের ভেতরে ভাঙচুর চালিয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়।

আয়োজকরা জানান, সম্ভাব্য উত্তেজনার বিষয়ে আগেই থানায় অভিযোগ করা হলেও হামলার ঘটনা ঘটে। পরে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।