সংবাদ শিরোনাম

নাচোলে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, যুবক গ্রেপ্তার

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, যুবক গ্রেপ্তার

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় শ্যামল সিং (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নাচোল-নিয়ামতপুর সীমানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্যামল সিং নাচোল উপজেলার সোনাইচন্ডি-বসুন্ধরা এলাকার মৃত বিশ্বনাথ সিংয়ের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি বলে জানিয়েছে পুলিশ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নাচোল-নিয়ামতপুর সীমানা এলাকায় অভিযান চালিয়ে শ্যামল সিংকে একটি ব্যাটারিসহ আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী নাচোলের ভেরেন্ডি বাজারে অভিযান চালিয়ে আরও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যাটারিগুলো ভেরেন্ডি বাজার এলাকার একটি মোবাইল টাওয়ার থেকে চুরি করা হয়েছিল। শ্যামল সিং মোবাইল টাওয়ারের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে দাবি পুলিশের।

এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।