প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
ছবি-সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে গভীর রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে। রাত সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত অপর ককটেলটি নিষ্ক্রিয় করে।
ঘটনাস্থল থেকে দুই মোটরসাইকেল আরোহী দ্রুত চম্পট দেয়।
আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি মূল্যায়নে গভীর রাতেই এলাকাটি পরিদর্শন করেন ডিএমপির তেজগাঁও বিভাগের শীর্ষ কর্মকর্তারা। পরিদর্শনের পর রাত আড়াইটার দিকে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, মোটরসাইকেল আরোহী দুজন সোয়া ১টার দিকে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশ পর্যবেক্ষণ করে। পরে ককটেল নিক্ষেপ করে তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে পালিয়ে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজনদের যাতায়াত পথ ট্র্যাকিং করার পাশাপাশি সড়কগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের সার্বিক নজরদারি।