ফিলিস্তিনের পতাকা ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০ মিনিট বন্ধ ম্যাচ
ফুটবল মাঠে আবারও ছড়িয়ে পড়ল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা। উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বেয়ার শেভার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি তুরস্কের ক্লাব বেসিকতাসের ফুটবলাররা। ম্যাচ চলাকালে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকে।
শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে বেসিকতাস।
২৬ নভেম্বর রাতে জর্জিয়ার বাতুমিতে ইউরোপা লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয়। মূলত তুরস্কের ইস্তাম্বুলে ম্যাচটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তন করে জর্জিয়ায় নেওয়া হয়েছিল। তবে ভেন্যু বদলালেও রাজনৈতিক উত্তেজনা এড়ানো যায়নি।
ম্যাচ শুরুর আগেই করমর্দন এড়াল বেসিকতাস
ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রচলিত করমর্দনের আনুষ্ঠানিকতা দেখা যায়নি। বেসিকতাসের খেলোয়াড়েরা হাপোয়েল বেয়ার শেভার ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি। টসের সময়ও বেসিকতাস অধিনায়ক ওরকুন কোকচু প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত সরে যান।
এর কিছুক্ষণ পর গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা ও স্বাধীনতার সমর্থনে বিভিন্ন ব্যানার দেখা যায়। সমর্থকদের কাছ থেকে ইসরায়েলবিরোধী স্লোগানও শোনা যায়।
সংঘর্ষে বন্ধ খেলা
ম্যাচের ২৬ মিনিটে দুই দলই গোলশূন্য অবস্থায় ছিল। ঠিক তখন গ্যালারিতে বেসিকতাস সমর্থকদের সঙ্গে জর্জিয়ার পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে সমর্থকদের একাংশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়।
এপি ও এএফপির প্রতিবেদনের বরাতে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। সংঘর্ষে কয়েকজন সমর্থক আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ডেনমার্কের রেফারি মর্টেন ক্রগ দুই দলের খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হলে ফের ম্যাচ শুরু হয়।
তবে সংঘর্ষের সূত্রপাত নিয়ে উয়েফা ও জর্জিয়ার কর্তৃপক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। উয়েফার ভাষ্য অনুযায়ী, বেসিকতাস সমর্থকদের নিজেদের মধ্যে বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পরে পুলিশ সেখানে হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
অন্যদিকে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনের পতাকা বা ব্যানার প্রদর্শনের আগেই সমর্থকদের সহিংস আচরণ শুরু হয়েছিল। তাদের দাবি, কয়েকজন সমর্থক পুলিশের দিকে স্টেডিয়ামের আসন ছুড়ে মারেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন এবং ১৬ জনকে আটক করা হয়। পতাকা বা ব্যানার প্রদর্শনের কারণে পুলিশ বলপ্রয়োগ করেছে—এমন অভিযোগও তারা নাকচ করেছে।
বেসিকতাস পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং বিষয়টি নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে।
তুরস্কে প্রতিবাদ
ঘটনাটির প্রতিক্রিয়া জানিয়ে তুরস্কের ফুটবল ফেডারেশন জর্জিয়ার পুলিশের ভূমিকার সমালোচনা করেছে। বেসিকতাস সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে অভিযোগ করে ঘটনার তদন্তের দাবি জানিয়েছে তারা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ বিষয়ে জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাকা বোচোরিশভিলির সঙ্গে ফোনে কথা বলেন। বাতুমিতে থাকা তুর্কি সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতেও দেশটির কূটনীতিকেরা তৎপর ছিলেন।
বেসিকতাসের নগর প্রতিদ্বন্দ্বী গালাতাসারাই ও ফেনেরবাচেও ঘটনাটিতে বেসিকতাস সমর্থকদের প্রতি সংহতি প্রকাশ করেছে।
মাঠে বেসিকতাসের জয়
গ্যালারির উত্তেজনা ও দীর্ঘ বিরতির মধ্যেও ম্যাচে শেষ হাসি হেসেছে বেসিকতাস। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন ওরকুন কোকচু। তার শট ঠেকিয়ে দেন হাপোয়েল বেয়ার শেভার গোলরক্ষক মার্কো উলফ।
দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে জুনিয়র ওলাইটানের গোলে এগিয়ে যায় বেসিকতাস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কোকচু নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে দলের ব্যবধান ২-০ করেন।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জাভন ইস্ট হাপোয়েলের হয়ে একটি গোল শোধ করেন। তবে এরপর আর সমতা ফেরাতে পারেনি ইসরায়েলি ক্লাবটি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেসিকতাস।