প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার পথে

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন   |   জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার পথে

ডেক্ম নিউজ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন। সকাল ৬টা ১০ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন তিনি।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্ট থেকে এসব তথ্য জানা গেছে।

প্রায় দুই দশক পর তারেক রহমান দিনব্যাপী সফরে বগুড়ায় যাচ্ছেন। জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে পৈতৃক নিবাস ‘জিয়া বাড়ি’তে যাওয়ার কথা রয়েছে তার।


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী  সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা  ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে পৌঁছে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

এরপর সড়কপথে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাবেন। সেখানে বেলা পৌনে একটায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

বেলা দেড়টায় প্রধানমন্ত্রী বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা পৌনে দুইটায় প্রধানমন্ত্রী বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে সড়কপথে বগুড়া রওনা হবেন।

বিকাল চারটায় প্রধানমন্ত্রী বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

সন্ধ্যা পৌনে ছয়টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন।  ফেরার পথে তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ)  যাত্রাবিরতি করবেন।