৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকের পদ বাড়ানোর সুযোগ নেই
ঢাকা, ১৩ কার্তিক (২৯ অক্টোবর):
দেশের জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এবং বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৮তম (বিশেষ) বিসিএস এর মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন এবং ২৮০জন সহকারী ডেন্টাল সার্জনসহ সর্বমোট ৩ হাজার ২৮৬জন চিকিৎসক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হবে।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস অর্থাৎ ৪টি নিয়মিত বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর কাযর্ক্রম শুরু করে এবং মাত্র ৫ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবার পথে, বিসিএসের ইতিহাসে যা হবে দ্রুততম। প্রথমে মোট ৩ হাজার পদের জন্য সুপারিশ করার অনুরোধ করা হলেও পরবর্তীতে আরো ৫০০ পদ বাড়ানোর জন্য চাহিদা দেওয়া হয়।
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে সহকারী সার্জনের শূন্য পদ ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদ ১৫০টি। বর্তমানে চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম (বিশেষ) বিসিএস এ সুপারিশপ্রাপ্ত এবং চলমান অন্যান্য বিসিএস এর চিকিৎসকরা যোগদান করলে আর কোন শূন্য পদ থাকবে না। মাঠে অধিক সংখ্যক চিকিৎসক পদায়ন নিশ্চিত করতে আরো পদ সৃজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪৮তম বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশগ্রহণ করেছিলো। তাদের মধ্যে যারা নির্বাচিত হতে পারেনি তারা এখনও চাকরির জন্য অপেক্ষমাণ। তাদের সাথে গত কয়েক মাসে যোগ হয়েছে আরো প্রায় ৫ হাজার চিকিৎসক। অপেক্ষমাণ এবং নতুন পাস করা প্রায় ৪৩ হাজার চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ অবারিত রাখা ও ন্যায়বিচারের স্বার্থে ৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নাই।