সংবাদ শিরোনাম

সুদানে বৈধ সরকার নেই, বলল যুক্তরাষ্ট্র

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সুদানে বৈধ সরকার নেই, বলল যুক্তরাষ্ট্র ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

সুদানে যুদ্ধরত দুই পক্ষের কেউই দেশ পরিচালনার জন্য ‘বৈধ’ বা সাংবিধানিক কর্তৃত্বের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির চলমান যুদ্ধ বন্ধে প্রতিদ্বন্দ্বী সামরিক পক্ষগুলো এখনো গুরুতর কোনো প্রতিশ্রুতি দেয়নি বলেও জানিয়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, সুদানের সশস্ত্র বাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস-কোনোটিই দেশের বৈধ ও সাংবিধানিক শাসনের প্রতিনিধিত্ব করে না। একই কথা প্রযোজ্য তাদের নিজ নিজ নেতাদের ক্ষেত্রেও।

পিগটের ভাষায়, এসব পক্ষ কেবল অস্ত্রের জোরে ক্ষমতা ধরে রেখেছে। যুদ্ধরত দুই পক্ষের নেতাদের কর্মকাণ্ডই তাদের দেশ পরিচালনার জন্য অযোগ্য করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

২০২৩ সালে শুরু হওয়া সংঘাতে সুদানের সেনাবাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধ এবং রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নানা উদ্যোগ চললেও দুই সামরিক শক্তির মধ্যে বিরোধ এখনো কাটেনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্যে সুদানের বর্তমান ক্ষমতার কাঠামো নিয়ে ওয়াশিংটনের অবস্থান আরও স্পষ্ট হলো। যুক্তরাষ্ট্রের মতে, শুধু সামরিক নিয়ন্ত্রণের ভিত্তিতে দেশ পরিচালনার দাবি সাংবিধানিক ও বৈধ শাসনের বিকল্প হতে পারে না।