সংবাদ শিরোনাম

উত্তর কোরিয়াকে বিরল কূটনৈতিক শুভেচ্ছা পাকিস্তানের

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

উত্তর কোরিয়াকে বিরল কূটনৈতিক শুভেচ্ছা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে বিরল এক প্রকাশ্য কূটনৈতিক বার্তা দিয়েছে পাকিস্তান। বুধবার দেশটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে পাঠানো এক চিঠিতে জারদারি দুই দেশের ‘পারস্পরিক আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে গড়ে ওঠা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের’ কথা উল্লেখ করেন। উভয় দেশের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উত্তর কোরিয়াকে ‘আন্তরিক শুভেচ্ছা’ জানায়। বার্তায় পিয়ংইয়ংয়ে পাকিস্তানের কূটনৈতিক মিশনকেও ট্যাগ করা হয়। তবে পাকিস্তানের ওই মিশন বর্তমানে বন্ধ রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক অনেকটাই সীমিত থাকায় এ ধরনের প্রকাশ্য শুভেচ্ছা বিনিময় তুলনামূলকভাবে বিরল। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে বিশেষ কোনো কূটনৈতিক বার্তা হিসেবে দেখছে না।

ডনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ‘শুভেচ্ছা বার্তা বিনিময় একটি সাধারণ কূটনৈতিক রীতি।’

পাকিস্তান ও উত্তর কোরিয়া ১৯৬৮ সালে কনস্যুলার সম্পর্ক স্থাপন করে। চার বছর পর সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত হয়। তবে গত দুই দশকে দুই দেশের সম্পর্ক অনেকটাই নীরব ছিল। বিশেষ করে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পর সম্পর্ক আরও সীমিত হয়ে পড়ে।

পিয়ংইয়ংয়ে পাকিস্তানের কূটনৈতিক মিশন বর্তমানে বন্ধ থাকলেও ইসলামাবাদে উত্তর কোরিয়ার দূতাবাস এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার উত্তর কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে ইসলামাবাদে দেশটির দূতাবাস একটি সংবর্ধনার আয়োজন করে।

অন্যদিকে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপ করা নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে আসছে পাকিস্তান। এর আওতায় বাণিজ্য ও বাণিজ্যিক লেনদেনে বিধিনিষেধ, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার কোরিওর ফ্লাইট স্থগিত, উত্তর কোরিয়ার কূটনীতিকদের কার্যক্রম ও ব্যাংক হিসাব পর্যবেক্ষণ এবং কূটনীতিকদের ক্ষেত্রেও কঠোর ভিসা নীতি রয়েছে।