সংবাদ শিরোনাম

সীমান্ত সংকটের আগেই সিউটায় গণপ্রবেশের সতর্কতা দিয়েছিল স্পেন

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

সীমান্ত সংকটের আগেই সিউটায় গণপ্রবেশের সতর্কতা দিয়েছিল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক:

স্পেনের গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছিল, মরক্কো থেকে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বড় একটি দল সীমান্ত পেরিয়ে সিউটায় ঢোকার চেষ্টা করতে পারে। জুলাইয়ের শেষ দিকে স্পেনের এই উত্তর আফ্রিকান ভূখণ্ডে কয়েক হাজার মানুষের ব্যাপক প্রবেশের পর গোপন নথি প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বুধবার প্রকাশ করা ৪০টি অবমুক্ত নথিতে দেখা যায়, ২৯ জুলাই স্পেনের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টার (সিএনআই) সিউটায় স্পেন সরকারের প্রতিনিধিকে হোয়াটসঅ্যাপে সতর্ক করেছিল। সতর্কবার্তায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পরদিন রাত ৮টায় বেড়া ও সমুদ্রপথে হামলার’ ডাক দেওয়া হয়েছে।

সিএনআই জানায়, দুটি সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে মোট ১ লাখ ৮০ হাজার অনুসারী ছিল। এই সংখ্যা দিয়ে প্রচারণাটির ব্যাপ্তি সম্পর্কে ধারণা পাওয়া যায় বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

একই দিন স্পেনের গোয়েন্দা সংস্থা মরক্কোর গোয়েন্দা সংস্থা ডিজিএসটি ও ডিজিইডিকেও সম্ভাব্য গণপ্রবেশের বিষয়ে সতর্ক করে। নথিতে বলা হয়, অভিবাসীরা সীমান্তের বেড়া টপকে অথবা সাঁতরে সিউটায় ঢোকার পরিকল্পনা করছে। ৩০ জুলাই মরক্কোর জাতীয় ‘থ্রোন ডে’ উদ্‌যাপনের সুযোগও তারা নিতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।

মরক্কোর ভূমিকা নিয়ে প্রশ্ন

৩০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ৭২ হাজারের বেশি মানুষ মরক্কো থেকে সিউটায় ঢুকতে শুরু করে। এই পরিস্থিতির আগে সতর্কবার্তা থাকার বিষয়টি প্রকাশ পাওয়ায় স্পেনের সরকারের ভূমিকা নিয়ে বিরোধীদের প্রশ্ন আরও জোরালো হয়েছে।

তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার দাবি করেছেন, প্রকাশিত নথিতে সংকটের আগে সতর্কতার কথা থাকলেও তা পরবর্তী ঘটনাপ্রবাহের ব্যাপকতা সম্পর্কে কোনো পূর্বাভাস দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সানচেজ লিখেছেন, এই প্রচারণার অস্তিত্ব বিভিন্ন প্রতিষ্ঠান জানত এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছিল। তবে এটিকে কোনোভাবেই পরবর্তী ঘটনার ‘মাত্রা, ধরন বা সম্ভাবনার’ নির্দেশক হিসেবে ব্যাখ্যা করা যায় না।

মরক্কো তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আলজাজিরা