বাজিতপুরে মধ্যরাতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান
নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মধ্যরাতে বোয়ালী ও শাহপুর এলাকায় অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, বাজিতপুর উপজেলায় সরকার ঘোষিত কোনো বৈধ বালুমহাল নেই। ফলে উপজেলার কোনো এলাকা থেকে বালু উত্তোলনের আইনগত সুযোগ নেই। এরপরও বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন, নিয়মবহির্ভূতভাবে বালু পরিবহন এবং আইনবিরুদ্ধ উপায়ে বালু ভরাটের অভিযোগ রয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলন ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে গত আগস্ট মাসে পরিচালিত অভিযানে ৯ জনকে কারাদণ্ড এবং ২ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে বালু পরিবহনে ব্যবহৃত পাইপগুলোও অপসারণ করা হয়েছে।
মধ্যরাতে বোয়ালী ও শাহপুর এলাকায় পরিচালিত তদারকি কার্যক্রম পরিচালনা করেন বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু বক্কর সিদ্দিক।এই অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানা গেছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।