ওয়ানডেতে জয় ফিরে পেল বাংলাদেশ: মিরাজের চোখে ধারাবাহিকতার শক্তি
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ জয়কে মেহেদী হাসান মিরাজ দেখছেন আত্মবিশ্বাস ফেরানোর এক বড় সুযোগ হিসেবে। তাঁর বিশ্বাস, নিয়মিত ওয়ানডে খেলার সুযোগ পেলে দল আরও শক্তিশালী হয়ে উঠবে।
মিরাজ ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা সিরিজটা ভালোভাবে শুরু করতে পেরেছি। বিশেষ করে সৌম্য ও সাইফের ব্যাটিং ছিল অসাধারণ। এই উইকেটে ব্যাট করা সহজ নয়, কিন্তু তারা দায়িত্ব নিয়ে রান করেছে। প্রথম ২০ ওভারেই অনেক বাউন্ডারি এসেছে—দলের জন্য এটা অনেক ইতিবাচক বিষয়।’
অধিনায়ক আরও যোগ করেন,‘আমরা যদি ধারাবাহিকভাবে ওয়ানডে ম্যাচ খেলতে পারি, তাহলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব ক্ষেত্রেই আরও উন্নতি হবে। দলগত আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ জয় শুধু পরিসংখ্যানের নয়, বরং নতুন করে ছন্দ ফিরে পাওয়ার প্রতীক হিসেবেই দেখছেন মিরাজ ও দলের সদস্যরা।