সংবাদ শিরোনাম

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, ১২ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন   |   জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, ১২ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুর বিস্তার রোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশা নিধন কার্যক্রম পরিচালনা করলেই যথেষ্ট হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে অভিযান পরিচালনার নির্দেশ দেন।
বিশেষ কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা কার্যক্রম সমন্বয় করবেন। অন্যদিকে উপজেলা পর্যায়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।
অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে।
প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি এবং স্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার এবং ধ্বংসের বিষয়ে জনগণকে সচেতন করা হবে।
মাঠপর্যায়ের অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। টেলিভিশনে জনসচেতনতামূলক প্রচারণা জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রতিরোধমূলক বার্তা প্রচারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এ সংকট কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব নয়। তাই বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।