সংবাদ শিরোনাম

সীমান্ত এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানে হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন   |   জাতীয়

সীমান্ত এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানে হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি
মোঃ জালাল উদ্দীন, রাজশাহী ব্যুরোঃ
সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে ছয় সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন বেকার যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। পাশাপাশি তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে সক্ষম হবে।
ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৫৩ বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অন্যান্য কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
এ ছাড়া চরবাগডাঙ্গা বিওপি কমান্ডার এবং বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।