বেসরকারি খাত চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা
মোহাম্মদ আর্শাদ হোসেন :
দেশের স্থবির হয়ে পড়া বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে Bangladesh Bank। শিল্প উৎপাদন বৃদ্ধি, বন্ধ কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগে গতি ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ প্যাকেজের ঘোষণা দেন। তিনি বলেন, অর্থনীতির গতি কমে যাওয়া, বিনিয়োগ স্থবিরতা এবং শিল্প খাতের সংকট মোকাবিলায় এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঘোষিত প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হবে। এই অর্থ আসবে অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদি আমানত থেকে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সরকারী গ্যারান্টির আওতায় আরও ১৯ হাজার কোটি টাকা যোগ করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর জন্য। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২০ হাজার কোটি টাকা। এছাড়া কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য ১০ হাজার কোটি টাকা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ৫ হাজার কোটি টাকা এবং রপ্তানি বহুমুখীকরণসহ অন্যান্য খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বিশেষ করে কৃষি, ক্ষুদ্র শিল্প ও রপ্তানিমুখী খাতে নতুন কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, সঠিক তদারকি ছাড়া এ ধরনের বড় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে খেলাপি ঋণ ও মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কার কথাও তারা উল্লেখ করেছেন।