ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৮ ফাল্গুন (৩ মার্চ):
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৪তম সভা এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত আলোচনা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রমিকদের বকেয়া বেতন সাত কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে যেন জনভোগান্তি সৃষ্টি না হয়। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে শ্রমিকদের কোনো কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রমপ্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, দেশ এবং বিশ্বের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে কোনোভাবেই যেন শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয় তাই বেতন-ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে হবে।
সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিগণ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কল-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানান। তাছাড়া নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত করার জন্য সরকারের নিকট আবেদন জানান।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং টিটিসি এর সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।