সাতক্ষীরায় জামায়াতের ৫৬ নেতাকর্মীর বিএনপির শ্রমিক দলে যোগদান
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৫৬ নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাটকেলঘাটা মহসিন মার্কেটস্থ যুবদল কার্যালয়ে আয়োজিত মতবিনিময় ও বরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা শ্রমিক দলে যোগ দেন। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
টেলিকনফারেন্সে নবাগতদের স্বাগত জানিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ পুনর্গঠন ও উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশা করি।”
তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের যথাযথ মূল্যায়ন না হওয়াসহ বিভিন্ন কারণে জামায়াতের শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এরই ধারাবাহিকতায় তারা জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দিয়েছেন। বিএনপির নেতৃত্বে আগামী দিনে এ অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদানকারীদের মধ্যে ছিলেন মো. আব্দুল মালেক, মো. কাসেম, মো. রফিকুল, মো. লতিফ, মো. জহুরুল, মো. আশরাফুল, মো. তরিকুল, মো. সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, মো. ছমেদ, মো. কালাম, মো. আজহার, মো. মানিক, মো. লিটন, মো. শফিকুল, মো. জাহাঙ্গীর, মো. মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, মো. সহিদুল, শেখ লিটন, মো. আকিজ, আসাদুল ইসলাম, মো. ইসমাইল, মো. রবিউল, মো. মহসিন, মো. মহিদুল, মো. অজিয়ার, মো. তারিক, মো. সিরাজ, মো. বজলু, মো. আব্দুল, মো. ফারুক, মো. আলী, মো. রাজ্জাক, মো. জামাল, শেখ পল্টু, মো. আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজসহ ৫৬ জন।