ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
খুলনা ব্যুরো :
ঝিনেইদাহর সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।
রবিবার (২৪ মে) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সাগরিকা আক্তার বুলবুলি ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুল হোসেনের সঙ্গে তার স্ত্রী বুলবুলির দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। শনিবার গভীর রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে শিমুল তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় বুলবুলিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত শিমুল হোসেন পলাতক রয়েছেন। নিহতের স্বজনরা হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।