আসন্ন বাজেটে খুলনায় শিল্পকারখানা চালু ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন   |   খুলনা

আসন্ন বাজেটে খুলনায় শিল্পকারখানা চালু ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

খুলনা ব্যুরো :

খুলনায় বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ সচল, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে “আমরা বৃহত্তর খুলনাবাসী”র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা খালিশপুর শিল্পাঞ্চলের বন্ধ মিল-কলকারখানা দ্রুত চালু, খুলনায় গ্যাসের লাইন পুনরায় সচল, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জিয়া হল নির্মাণ, খুলনা বিভাগীয় স্টেডিয়াম খেলাধুলার উপযোগী করে সংস্কার এবং খুলনা হাইটেক পার্কের কাজ দ্রুত শুরু করার দাবি জানান। একই সঙ্গে রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু সড়ক এবং সোনাডাঙ্গা থেকে ময়ূর বাইপাস সড়ক দ্রুত সংস্কারে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আহ্বান জানানো হয়।

সংগঠনের সহ-সভাপতি সরদার আবু তাহের-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি-এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শামীমা সুলতানা শিলু এবং বাবুল হাওলাদার। এছাড়া বক্তব্য দেন মাহাফুজুর রহমান মুকুল, মিজানুর রহমান বাবু, সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, মল্লিক আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, খুলনাবাসীর দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement